দীর্ঘদিন ধরে দারিদ্র্য, অপরিকল্পিত বসতি ও অপরাধপ্রবণতার জন্য আলোচিত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রকে আধুনিক ও নিরাপদ আবাসিক এলাকায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১২৬ একর জমির ওপর গড়ে ওঠা এ এলাকায় বহুতল আবাসিক ভবন নির্মাণের প্রস্তাব দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর কাছে আধা-সরকারি (ডিও) পত্র পাঠিয়েছেন রূপগঞ্জ (নারায়ণগঞ্জ-১) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দীপু)।
জানা গেছে, ১৯৭২ সালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য প্রতিষ্ঠিত চনপাড়ায় বর্তমানে প্রায় ১৬ হাজার পরিবারের আনুমানিক ৮০ হাজার মানুষের বসবাস। বছরের পর বছর অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঘনবসতি, সীমিত নাগরিক সুবিধা এবং বেকারত্বের কারণে এলাকাটি নানা অপরাধ কর্মকাণ্ডের জন্যও আলোচনায় এসেছে। ফলে সাধারণ বাসিন্দাদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরেই নিরাপদ ও উন্নত জীবনযাপনের সুযোগ থেকে বঞ্চিত।
এমপি দীপু ভূঁইয়ার প্রস্তাবে বলা হয়েছে, পরিকল্পিত বহুতল আবাসন নির্মাণের মাধ্যমে একই জায়গায় আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। এতে আবাসন সংকট কমার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন সহজ হবে। একই সঙ্গে অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চনপাড়াকে একটি বাসযোগ্য ও সুশৃঙ্খল আবাসিক এলাকায় রূপান্তরের সুযোগ সৃষ্টি হবে।
সংশ্লিষ্টদের মতে, ঢাকা ওয়াসার প্রকল্পের আওতায় ভূমির নতুন ব্যবহারের সুযোগ কাজে লাগিয়ে এ প্রকল্প বাস্তবায়িত হলে চনপাড়ার দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট দূর হওয়ার পাশাপাশি হাজারো পরিবারের জীবনমান উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









