অনলাইন জুয়ায় হেরে দেনাগ্রস্ত হয়ে পড়ার পর পিরোজপুরের মঠবাড়িয়ায় ওবায়দুর রহমান সুমন (৩০) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (২২ জুলাই) সকালে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ওবায়দুর বগুড়ার আদমদীঘি উপজেলার বাসিন্দা ময়েন প্রামাণিকের ছেলে। নিহত ওবায়দুর গত প্রায় পাঁচ বছর মঠবাড়িয়ায় পরিবারসহ ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করে আসছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশি সূত্রে জানা যায়, ওবায়দুর দীর্ঘদিন ধরে আর্থিক অনটন ও পারিবারিক টানাপোড়েন নিয়ে মানসিক চাপে ছিলেন। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের স্ত্রী সখি বেগম জানান, ওবায়দুর রাজমিস্ত্রির কাজ করে কিছু টাকা জমিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি অনলাইন জুয়ার নেশায় জড়িয়ে পড়েন এবং বিপুল অঙ্কের টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। দেনার বোঝা নিয়ে দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরেই বুধবার সকালে ওবায়দুর আত্মাহত্যা করেছেন বলে দাবি করেন তার স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিন জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর আসল কারণ অনুসন্ধানে লাশ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









