নারায়ণগঞ্জে রাজনৈতিক উত্তাপের মধ্যে নতুনধারা বাংলাদেশ (এনডিবি) নেতাকর্মীদের ওপর হামলা, প্রাণনাশের হুমকি ও দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ করেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।
বুধবার (২২ জুলাই) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনডিবির কেন্দ্রীয় নেতারা এসব অভিযোগ তুলে ধরেন। তারা দাবি করেন, গত ৫ আগস্টের পর থেকে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা নানা ধরনের চাপ, হুমকি ও হামলার মুখে রয়েছেন।
সংবাদ সম্মেলনে এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার কারণে নারায়ণগঞ্জে আমাদের নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, ফতুল্লায় দলের স্থানীয় এক নেতা ও তার সহযোগীদের হামলায় এনডিবির কেন্দ্রীয় সদস্য জামান সরকার আহত হয়েছেন।
তার ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় গত ১৮ জুলাই ফতুল্লা থানায় অভিযোগ করা হলেও নিরাপত্তাজনিত কারণে অভিযোগে কারও নাম উল্লেখ করা হয়নি। তবে অভিযোগ দেওয়ার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।
এনডিবি চেয়ারম্যান আরও বলেন, “শুধু নারায়ণগঞ্জ নয়, দেশের বিভিন্ন এলাকায় আমাদের ১১৪টি উপজেলা ও ৪৪টি জেলা শাখার নেতাকর্মীরা হুমকির মধ্যে রয়েছেন।” তিনি নিজের কার্যালয়ে হামলা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করেন।
সংবাদ সম্মেলনে এনডিবির ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা অভিযোগ করেন, গত ১৮ জুলাই সকালে একদল ব্যক্তি তার চেম্বারে গিয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেয়। অন্যথায় তাকে মারধর ও চেম্বার ভাঙচুরের হুমকি দেওয়া হয় বলে তিনি দাবি করেন।
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা বলেন, ‘‘নারায়ণগঞ্জের যুগ্ম আহ্বায়ক জামান সরকারের ওপর হামলা এবং প্রাণনাশের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে দলের আরেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।’’
এনডিবির নেতারা সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে হামলাকারী ও হুমকিদাতাদের শনাক্ত করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে সব দলের নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়ার দাবি জানান তারা।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এনডিবির প্রেসিডিয়াম সদস্য সাজী মনসুর, আফতাব মণ্ডল, হাশেম মোল্লা এবং মানবাধিকার বাংলাদেশের সাধারণ সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









