দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে দুইজন করে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে আরও দুইজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৬৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৬২ জনের।
এদিকে একই সময়ে দেশে ১ লাখ ৮১ হাজার ৩৫ জনের মধ্যে সন্দেহজনক হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৪৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









