বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমে ছড়িয়ে-ছিটিয়ে সরকারি ওষুধ এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ঘটনাস্থলেই তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে আকস্মিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, “আমার দেশের দরিদ্র মানুষ ওষুধ পায় না, অথচ এখানে লক্ষ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে আছে। এমনকি বাথরুমেও সরকারি ওষুধ ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে।”
তিনি বলেন, বিগত সরকারের সময় স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণে বর্তমান সরকার চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।
পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে নানা ত্রুটি-বিচ্যুতিতে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। পরে সিভিল সার্জন, ডিডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় তিনি পাশের একটি বেসরকারি ক্লিনিকও পরিদর্শন করেন।
মন্ত্রী আরও জানান, এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অল্প সময়ের মধ্যেই শুরু হবে বলে তিনি জানান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









