কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে কাওসার (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে কুষ্টিয়া ডিসি পার্কের পুকুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কাওসার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। তিনি কুষ্টিয়া সদর উপজেলার উদিবাড়ী এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু শাওন জানান, শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে তারা কয়েকজন বন্ধু মিলে ডিসি পার্কের পুকুরে গোসল করতে নামেন। তিনি এক পাশ থেকে অন্য পাশে সাঁতরে গেলেও কাওসার পুকুরের মাঝামাঝি পৌঁছে হঠাৎ ডুবে যেতে থাকেন এবং সাহায্যের জন্য চিৎকার করেন। শাওন দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করেন।
তিনি জানান, কাওসারকে ধরতে সক্ষম হলেও আতঙ্কিত কাওসার তাকে আঁকড়ে ধরায় দুজনই পানির গভীরে তলিয়ে যান। পরে নিজের জীবন রক্ষার্থে কাওসারকে ছেড়ে উপরে উঠে এসে আশপাশের লোকজনকে বিষয়টি জানান এবং উদ্ধার সহায়তা চান।
খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর পানির নিচ থেকে কাওসারের মরদেহ উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন, ‘‘পুকুরে এক যুবক নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। টানা অভিযান শেষে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।’’
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা কলেজছাত্রকে হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বর বলেন, ‘‘ডিসি পার্কের পুকুরে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









