নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবনিযুক্ত রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে গোলাকান্দাইল এলাকায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাসভবনে আয়োজিত সভায় রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি দিপু বলেন, ‘‘দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ইউনিয়নকে বিভিন্নভাবে দুর্বল করার চেষ্টা হয়েছে। পূর্বাচল প্রকল্প বাস্তবায়নের সময় স্থানীয় জনগণের স্বার্থ যথাযথভাবে সংরক্ষিত হয়নি। এতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত অনেক মানুষ এখনও ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।’’
তিনি বলেন, ‘‘রূপগঞ্জ, কায়েতপাড়া ও দাউদপুর ইউনিয়নকে ঢাকার প্রশাসনিক আওতায় নেওয়ার উদ্যোগের বিষয়ে রূপগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় প্রয়োজন হলে আন্দোলনেও অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রূপগঞ্জবাসীর স্বার্থ রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।’’
সভা শেষে নবনিযুক্ত প্রশাসক ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় ইউনিয়নের উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









