পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) কর্মরত ১১-২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শানিবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য অর্জন এবং সেবার মানোন্নয়নে কর্মচারীদের দক্ষতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মচারীদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর অর্থ ও হিসাব বিভাগের পরিচালক ড. মো. নকির উদ্দীন।
তিনি প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো, কর্মচারীদের দায়িত্ব, আচরণবিধি, কর্মক্ষেত্রে শৃঙ্খলা, আর্থিক ও প্রশাসনিক বিধি-বিধান, ছুটি বিধি, পেনশন বিধি, ভবিষ্য তহবিল, কল্যাণ তহবিল, গ্রুপ ইনস্যুরেন্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা এবং প্রশিক্ষণ প্রদান করেন।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মরত ১১-২০তম গ্রেডভুক্ত সকল কর্মচারী অংশগ্রহণ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. আকতার হোসেন, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









