বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির নিরাপদ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শুক্রবার ও শনিবার তেহরানে দুই দেশের উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাঘেই বলেন, হরমুজ প্রণালীতে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করা এবং উপকূলবর্তী দেশগুলোর সার্বভৌম অধিকারকে সম্মান রেখে কীভাবে এই জলপথ পরিচালনা করা যায়, তা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেছে।
তিনি জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং এতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কারিগরি ও রাজনৈতিক পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বর্তমানে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের পরিস্থিতিতে কোনো পরিবর্তন ঘটেনি। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিকভাবেই জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









