ভারতীয় অভিনেতা ও কৌতুকশিল্পী কাঞ্চন মল্লিক আবারও বাবা হয়েছেন। শনিবার (২৫ জুলাই) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। এটি তাদের দ্বিতীয় সন্তান। মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন শ্রীময়ী।
ভারতীয় একটি গণমাধ্যমকে শ্রীময়ী বলেন, “আমি এবং ছেলে দু’জনেই সুস্থ আছি। কৃষভির ভাই কৃষিভ এসেছে। আমরা খুবই খুশি।”
সন্তানের জন্মের খবর প্রকাশের পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন এই তারকা দম্পতি। কাঞ্চন মল্লিক বলেন, “প্রচুর ফোন পাচ্ছি। আমরা খুব খুশি ও আনন্দিত।”
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের একটি ছবি শেয়ার করে কাঞ্চন-শ্রীময়ী লিখেছেন, “আমরা খুব আনন্দিত। কৃষভির ছোট ভাই হয়েছে। আমরা তিন থেকে চার হলাম। জীবনের নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। কৃষিভকে পরিবারে স্বাগত।”
২০২৪ সালের ২ নভেম্বর তাদের প্রথম সন্তান কন্যা কৃষভির জন্ম হয়। প্রথমবারের মতো সন্তানসম্ভবা হওয়ার খবর যেমন গোপন রেখেছিলেন, তেমনি দ্বিতীয় সন্তানের আগমনের বিষয়টিও প্রকাশ্যে আনেননি এই দম্পতি।
ব্যক্তিগত জীবনে অভিনেত্রী অনিন্দিতা দাসকে বিয়ে করে প্রথম সংসার শুরু করেছিলেন কাঞ্চন মল্লিক। প্রায় সাড়ে ৭ বছরের সেই সংসার ২০১০ সালে ভেঙে যায়। পরে তিনি পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে ২০২৩ সালের ১০ জানুয়ারি ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। ওই সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে।
দ্বিতীয় সংসার ভাঙার পর অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন ৫৬ বছর বয়সী কাঞ্চন। ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি তারা রেজিস্ট্রি বিয়ে করেন। পরে সামাজিক রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









