চব্বিশের জুলাই গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যার দ্রুত বিচার দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শহীদ সাংবাদিক তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। কিন্তু শহীদ হওয়ার দুই বছর পার হলেও তার হত্যার বিচার কার্যক্রম শুরু হয়নি। তুরাব হত্যার বিচার না হলে ভবিষ্যতে তুরাবের মতো সাহসী ও সত্যনিষ্ঠ সাংবাদিক তৈরি হবে না।
রবিবার (২৬ জুলাই) সকালে সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের ফতেহপুর কবরস্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এবং ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করা জরুরি। আমরা সাংবাদিক তুরাবের হত্যার বিচারের দাবি আরও জোরদার করব। এর বিচার হতেই হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে তুরাব হত্যার বিচার হওয়া উচিত। আমরা জানি না এই সরকার তুরাব হত্যার বিচার করবে কি না। তবে শেষ বিচারের দিনে অবশ্যই তুরাব ন্যায়বিচার পাবেন।”
ডা. শফিকুর রহমান দৈনিক নয়া দিগন্তের তৎকালীন সিলেট ব্যুরো প্রধান ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।জিয়ারত শেষে তিনি শহীদ সাংবাদিক তুরাবের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তুরাবের বড় ভাই আবু আজরফ মো. জাবুরসহ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, বিয়ানীবাজার উপজেলা আমীর মোস্তফা উদ্দিন, সেক্রেটারি ছাদ উদ্দিন প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









