চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৫ দিনেই দেশে রেকর্ড ২২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ হাজার ২২৬ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৭৫ টাকা হিসাবে)।
রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ের প্রথম ২৫ দিনের প্রবাসী আয় গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৯৯ কোটি ৮২ লাখ ৮২ হাজার মার্কিন ডলার। সে হিসাবে এবার প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৫ শতাংশ।
ব্যাংকভিত্তিক হিসাবে দেখা গেছে, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি ১৬৫ কোটি ৭১ লাখ মার্কিন ডলার দেশে এসেছে।
এ ছাড়া রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৭১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং দেশে কার্যরত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
খাতসংশ্লিষ্টদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন প্রণোদনা এবং ডলারের বাজার তুলনামূলক স্থিতিশীল থাকায় প্রবাসীরা এখন আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার প্রতি বেশি আগ্রহী হচ্ছেন। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হওয়ার আশা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









