পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম মাহবুব আলম।
রবিবার (২৬ জুলাই) দুপুরে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি মীর রাশেদুজ্জামান রাশেদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাদের হোসেন উপস্থিত ছিলেন।
নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহবুব আলম বেড়া উপজেলার কাজিরহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম এস এম আফাজ উদ্দিনের তৃতীয় সন্তান।
শিক্ষকতার পাশাপাশি এস এম মাহবুব আলম বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি ‘ইছামতি নদী রক্ষা আন্দোলন’ পাবনার সভাপতি, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক, আনজুমান মফিদুল ইসলাম পাবনার কার্যকরী কমিটির সদস্য, পাবনা প্রেস ক্লাবের সদস্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সদস্য সচিব এবং সাহিত্য বিতর্ক ক্লাব পাবনার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব গ্রহণের পর এস এম মাহবুব আলম বলেন, ‘‘তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চান। এ জন্য তিনি মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









