শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল একাডেমিতে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) ত্রিশাল সরকারি নজরুল একাডেমিতে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ অনুষ্ঠিত হয় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরাফাত সিদ্দিকী।
‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্লিন ময়মনসিংহ কর্মসূচির আওতায় আয়োজিত এ অভিযানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পরে একটি পরিচ্ছন্নতা র্যালি বের করা হয় এবং বিদ্যালয় মাঠে ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এ সময় শিক্ষার্থীদের পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, প্লাস্টিক বর্জ্য যথাযথ স্থানে ফেলা এবং নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
বক্তারা বলেন, একটি পরিচ্ছন্ন বিদ্যালয়ই শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার ভিত্তি। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করবে এবং পরিচ্ছন্ন সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, সুপার ভাইজার শাহনাজ আক্তার, সরকারি নজরুল একাডেমীর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক সেলিম, আজিজুল হক প্রমূখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









