পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ার লক্ষ্যে জেলার ২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার পাশাপাশি পরিচ্ছন্নতাকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যে এই কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন।
রবিবার (২৬ জুলাই) ময়মনসিংহ নগরীর পাটগুদাম উচ্চ বিদ্যালয় এবং মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে এই পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
জেলা প্রশাসন সূত্র জানায়, সপ্তাহের প্রতি রবিবার জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ অভিযান পরিচালিত হবে। আনুষ্ঠানিকভাবে ২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। এতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক জানান, ‘ক্লিন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ময়মনসিংহের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহের প্রতি রবিবার ‘ক্লিন সানডে’ নামে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এর মধ্যদিয়ে সামাজিক মূল্যবোধের উত্তম চর্চাগুলো শিক্ষার্থীদের কাছ থেকেই শুরু করতে চাই আমরা।
তিনি বলেন, ‘‘শিক্ষার্থীদের প্রাত্যহিক জীবনে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে পরিবেশ ক্লাব গঠন এবং স্যানিটেশন অ্যাম্বাসেডর নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব অ্যাম্বাসেডরের মাধ্যমে পরিচ্ছন্নতা ও স্যানিটেশন কার্যক্রম পরিচালনা করা হবে। সব মিলিয়ে আমরা চাই ক্লিন ময়মনসিংহ একটি সামাজিক আন্দোলনে পরিণত হোক। এর মাধ্যমে ময়মনসিংহকে বাংলাদেশের একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিত করতে চাই।’’
জেলা প্রশাসক আরও বলেন, ‘‘পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকির জন্য জেলা প্রশাসনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। প্রতি মাসে পরিচ্ছন্নতার ক্ষেত্রে ভালো কাজ করা শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাও রয়েছে।’’
জানা যায়, স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তর ও সমবায় অধিদপ্তরের বিভিন্ন গ্রুপকে এ কার্যক্রমে যুক্ত করা হবে। এসব সংগঠন ও গ্রুপকে নির্দিষ্ট এলাকা, সড়ক, হাট-বাজারসহ বিভিন্ন স্থানের পরিচ্ছন্নতার দায়িত্ব দেওয়া হবে।
পরিচ্ছন্নতা অভিযানে ক্লিন আপ বাংলাদেশের স্বেচ্ছাসেবক দল, স্কুল শিক্ষক ও শিক্ষার্থীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









