সিলেটে পৃথক দুই সংঘর্ষে একইদিনে প্রাণ হারিয়েছেন দুইজন। একটি ঘটনায় ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে নিহত হন এক কিশোর। অন্য ঘটনায় বাঁশ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছেন। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
গতকাল সোমবার (২৭ জুলাই) রাতে সিলেট নগরীর কাজিরবাজার সেতু এলাকায় ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে নিহত হন রিফাত নামে এক কিশোর। তিনি নগরীর মজুমদারী এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, ম্যাচ শেষে ফেরার সময় কাজিরবাজার এলাকায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে রিফাতসহ পাঁচজন ছুরিকাঘাতে আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।
সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এদিনকে জানান, ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
অপরদিকে একই দিন সকালে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দিঘীরপার গ্রামে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়ে মারা যান মো. আব্দুল্লাহ (২৫)। তিনি ওই গ্রামের ফারুক আহমদ বদুল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক আহমদ বদুল্লার পরিবারের সঙ্গে প্রতিবেশী মবশ্বির আলীর পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গতকাল সোমবার সকাল ১১টার দিকে বিরোধপূর্ণ একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাটাকে কেন্দ্র করে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল্লাহসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন।
আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহর মৃত্যু হয়।
সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হাবীব এদিনকে জানান, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









