তিস্তা নদীপথে মাদক পরিবহনের সময় পুলিশের অভিযানের খবর পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেছে মাদক কারবারিরা। এ সময় প্রায় ৪০ ফুট দীর্ঘ একটি শ্যালো মেশিনচালিত নৌকা জব্দ করে তল্লাশি চালিয়ে ১০০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক চরসংলগ্ন তিস্তা নদীতে অভিযান চালায় গঙ্গাচড়া মডেল থানা-পুলিশ।
পুলিশ জানায়, লালমনিরহাটের মরিচখোঁচা এলাকা থেকে তিস্তা নদীপথে নৌকাযোগে মাদকের চালান রংপুর শহরে নেওয়া হচ্ছিল। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যান। পরে নৌকাটি জব্দ করে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১০০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
নৌকাটি বড় হওয়ায় নদীপথে থানায় নেওয়া সম্ভব হয়নি। পরে একটি ট্রলির পেছনে মোটা রশি দিয়ে বেঁধে প্রায় চার কিলোমিটার সড়কপথে টেনে রাত সাড়ে আটটার দিকে গঙ্গাচড়া মডেল থানায় নেওয়া হয়। ব্যতিক্রমী এ দৃশ্য দেখতে সড়কের দুই পাশে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, জনবিরল ও দুর্গম হওয়ায় ছালাপাক চরসংলগ্ন তিস্তা নদীপথ দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পুলিশের অভিযানের খবর পেয়ে কারবারিরা দ্রুত পালিয়ে যায়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









