ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে ১৩ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের কাজিরকান্দা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী। তিনি তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ইউএনওর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান ত্রিশাল থানা পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।
অভিযান শেষে বর-কনের স্বজন এবং উপস্থিত এলাকাবাসীকে বাল্যবিয়ের কুফল, আইনি নিষেধাজ্ঞা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করা হয়। পরে কনের অভিভাবকরা নিজেদের ভুল স্বীকার করেন।
সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, “বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। উপজেলার কোথাও বাল্যবিয়ের আয়োজনের খবর পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









