ময়মনসিংহের ত্রিশালে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৮ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ত্রিশাল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার নামাপাড়া এলাকার মো. বজলুর রশিদ (৩৫) এবং চিকনা মনোহর এলাকার মো. জিয়াউর রহমান (৪৫)।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের দেহ তল্লাশি করে আনুমানিক ৩৪ হাজার টাকা মূল্যের ৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করার পাশাপাশি তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ বলেন, "মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক কারবার ও সেবনের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না—সে যতই প্রভাবশালী বা ক্ষমতাবান হোক না কেন।"
এদিকে পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযানের প্রশংসা করে স্থানীয় বাসিন্দারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন কঠোর অবস্থান অত্যন্ত ইতিবাচক। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









