পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের বনকোলা দোপপাড়া গ্রামে লিটন নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে রশি হাতে তাকে হেঁটে গিয়ে একটি আমগাছে উঠতে দেখা যায় স্থানীয় একটি বাড়ির সিসিটিভি ফুটেজে। ওই ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরের দিকে গ্রামের একটি গাছে লিটনের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত লিটন ওই গ্রামের আব্দুর রউফের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে লিটন বাড়ি থেকে বের হন। পরদিন দুপুরে গ্রামের একটি গাছে গলায় রশি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে, ঘটনাস্থলের পাশের একটি বাড়ির সিসিটিভি ফুটেজে লিটনকে রশি হাতে হেঁটে যেতে এবং একটি আমগাছে উঠতে দেখা গেছে। পুলিশ ওই ফুটেজ পর্যালোচনা করছে।
স্থানীয়দের দাবি, লিটন বেশ কিছুদিন ধরে পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন তারা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) লালবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা করা হয়নি। সোমবার রাতে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









