পাবনার ঈশ্বরদীতে ডিবি পরিচয় দিয়ে মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ ২৬ হাজার ১৮০ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এ ঘটনায় ছিনতাইকারী চক্রের মূলহোতা আকবর খানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার মধ্যে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই সন্ধ্যায় নাটোরের গুরুদাসপুর উপজেলার চরপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী মো. শাহিন আলী একটি ট্রাকে মাছ নিয়ে ফরিদপুরের ভাঙ্গা মাছের আড়তের উদ্দেশে রওনা হন। তার সঙ্গে ছিলেন ট্রাকের সহকারী আনিছুর রহমান (২২)। পরদিন মাছ বিক্রি শেষে নগদ ৪ লাখ ২৬ হাজার ১৮০ টাকা নিয়ে তারা বাড়ি ফিরছিলেন।
ফেরার পথে সকাল সাড়ে ১১টার দিকে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের মিরকামারী চাঁদ আলীর মোড়ে পৌঁছালে কালো রঙের একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি তাদের গতিরোধ করে। নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তারা ট্রাকে মাদক রয়েছে বলে দাবি করেন এবং তল্লাশির নামে ভয়ভীতি দেখাতে থাকেন।
একপর্যায়ে টাকার ব্যাগটি নিজেদের জিম্মায় নিয়ে রূপপুর পুলিশ ফাঁড়িতে তল্লাশি করার কথা বলে আনিছুর রহমানকে টাকাসহ মোটরসাইকেলে তুলে নিয়ে যায় তারা। বিষয়টি সন্দেহজনক মনে হলে শাহিন আলী রূপপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে খোঁজ নেন। সেখানে গিয়ে জানতে পারেন, এমন কোনো ব্যক্তিকে পুলিশ ফাঁড়িতে আনা হয়নি।
এর কিছুক্ষণ পর অপরিচিত এক ভ্যানচালকের মোবাইল ফোন থেকে শাহিনকে কল দেন আনিছুর। তিনি জানান, হারুখালী মাঠসংলগ্ন রেশম বাগান এলাকায় নিয়ে গিয়ে তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে হত্যার ভয় দেখানো হয়। পরে টাকাভর্তি ব্যাগ নিয়ে তাকে সেখানে ফেলে রেখে দুর্বৃত্তরা দাশুড়িয়ার দিকে পালিয়ে যায়।
এ ঘটনায় শাহিন আলী বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন। মামলাটি তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য ও মাঠপর্যায়ের তদন্তের মাধ্যমে চক্রটির মূলহোতা হিসেবে আকবর খানের অবস্থান শনাক্ত করা হয়।
পুলিশ সূত্র জানায়, মামলার তদন্তের ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আকবর খানকে গ্রেপ্তার করা হয়। তিনি পাবনা সদর উপজেলার মালিগাছা মধ্যপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
পরে গ্রেপ্তার আকবরকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৭টার দিকে পাবনা সদর উপজেলার সিংগা গ্রামে তার শ্বশুর ফারুক বিশ্বাসের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ছিনতাই হওয়া ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘‘ডিবি পুলিশের পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৯০ হাজার টাকা উদ্ধার হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’’
পুলিশের ভাষ্য, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে মাছ ব্যবসায়ীদের টার্গেট করে এ ঘটনা ঘটিয়েছে। চক্রটির অন্য সদস্যদের আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









