মৌলভীবাজারের কমলগঞ্জের ফুলবাড়ী চা-বাগান থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১৭ ফুট দীর্ঘ এক বিশাল অজগর। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বাগানে চা-পাতা তোলার সময় হঠাৎ এটি শ্রমিকদের নজরে আসে। তবে আতঙ্কিত না হয়ে শ্রমিকদের তাৎক্ষণিক খবর ও সহযোগিতায় বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। বর্তমানে এটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ফুলবাড়ী চা-বাগানের ১৭ নম্বর সেকশনে কাজ করছিলেন শ্রমিকেরা। ঝোপঝাড়ের মাঝে বিশাল আকৃতির অজগরটি দেখতে পেয়ে তারা দ্রুত বাগান কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ)-এর সাপ-সংরক্ষক ও গবেষক চঞ্চল গোয়ালা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন।
সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা বলেন, অজগর বাংলাদেশের একটি সংরক্ষিত বন্যপ্রাণী এবং এরা সাধারণত মানুষের কোনো ক্ষতি করে না। মূলত বন-জঙ্গল সংকুচিত হওয়া, আবাসস্থল ধ্বংস ও প্রাকৃতিক খাদ্যের সংকটের কারণেই এসব বন্যপ্রাণী প্রায়ই খাবারের সন্ধানে চা-বাগান বা লোকালয়ের দিকে চলে আসে।
ফুলবাড়ী চা-বাগানের ব্যবস্থাপক মিজানুর রহমান আশিক মিয়া বলেন,বন্যপ্রাণী আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাপটি দেখার পর শ্রমিকেরা কোনো ক্ষতি না করে আমাদের জানায়। খবর পেয়ে আমরা দ্রুত উদ্ধারকারী দলের সহায়তা নিয়ে প্রাণীটিকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হই।
লাউয়াছড়া বনের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, উদ্ধার করা ১৭ ফুট দীর্ঘ অজগরটি কিছুটা অসুস্থ থাকায় বর্তমানে সেটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। রেসকিউ সেন্টারে প্রয়োজনীয় সেবা-শুশ্রূষা ও চিকিৎসা শেষে সাপটি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে দ্রুতই এটিকে বনে অবমুক্ত করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









