বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিনব কৌশলে মাদক পরিবহনের সময় ১০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ‘ইস্কাফ’সহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ঠনঠনিয়া ঈদগাহ মাঠের প্রধান ফটকের সামনে র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দা মোছা. রুবিনা বেগম (৫১) ও মোছা. শিল্পী (৩৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে দুই নারী মাদক বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক বহন করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ‘ইস্কাফ’ উদ্ধার করা হয়। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন (সিমসহ) এবং নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব আরও জানায়, আটক দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









