নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক লাইভে জেলা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলার জেরে ওয়ার্ড যুবদল সভাপতির বাড়িতে হামলা, ভাঙচুর ও পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকালে অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী। যদিও হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা।
ঘটনাটি উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই এলাকায়। ভুক্তভোগী নাঈম ইসলাম ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
নাঈম ইসলাম অভিযোগ করেন, দীর্ঘদিন তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সুলতান মাহমুদের সঙ্গে রাজনীতি করেছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি সুলতান মাহমুদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন। লাইভ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সুলতান মাহমুদের নেতৃত্বে একদল লোক তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যায় বলে দাবি করেন তিনি।
এ ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা সুলতান মাহমুদ বলেন, নাঈম ইসলাম ফেসবুক লাইভে তাকে নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেছেন। এতে তার সমর্থকরা ক্ষুব্ধ হয়ে কোনো ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে হামলার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। সিসিটিভি ফুটেজে তাকে পাওয়া গেলে তার বিরুদ্ধেও সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, ফেসবুক লাইভকে কেন্দ্র করে যুবদল নেতার বাড়িতে হামলার খবর পুলিশ পেয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









