পাবনার সাঁথিয়ায় মসজিদে জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নামাজে ইমামতি করা নিয়ে সৃষ্ট হট্টগোলের ঘটনায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আবদুল্লাহকে দায়ী করে করা অভিযোগকে বানোয়াট ও ভিত্তিহীন দাবি করেছে স্থানীয় বিএনপি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সাঁথিয়া উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন নেতারা। লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম।
তিনি বলেন, সাঁথিয়ায় অস্থিরতা তৈরির উদ্দেশ্যে সাইয়েদ আবদুল্লাহর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ঘটনার দিন তিনি ঢাকায় অবস্থান করছিলেন বলেও দাবি করেন বিএনপি নেতা। তার অভিযোগ, রাজনৈতিক স্বার্থে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন পরিকল্পিতভাবে এ অপপ্রচার চালাচ্ছেন।
এ সময় বিএনপি নেতারা মসজিদে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগও অস্বীকার করেন। পাশাপাশি ভুল-বোঝাবুঝি দূর করে জামায়াতসহ সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সাঁথিয়ার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক, সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দে, সাংগঠনিক সম্পাদক আসিফ ইকবাল রাসেল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরদার রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মীর নাজমুল বারী নাহিদসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সদস্যসচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









