শব্দদূষণ কমিয়ে নাগরিকদের জন্য শান্ত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। প্রথম ধাপে জেলার সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যানবাহনে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
বুধবার (২৯ জুলাই) সকালে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে সরকারি ও আধাসরকারি কর্মকর্তাদের নিয়ে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় বাস, লেগুনা, সিএনজি অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চালকদের আগামী ১২ সপ্তাহের মধ্যে গাজীপুর নগরকে হর্নমুক্ত করতে সচেতন করা হয় এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক জানান, জরুরি পরিস্থিতি ছাড়া কোনো যানবাহনে হর্ন ব্যবহার না করার বিষয়ে কঠোরভাবে নির্দেশনা বাস্তবায়ন করা হবে। প্রথমে সরকারি যানবাহনে এ উদ্যোগ কার্যকর করা হবে, পরে পর্যায়ক্রমে জেলার সব ধরনের যানবাহনের ক্ষেত্রেও এটি বাস্তবায়ন করা হবে।
জেলা প্রশাসনের মতে, অযথা হর্ন বাজানোর ফলে প্রতিনিয়ত শব্দদূষণ বাড়ছে। এতে শিক্ষার্থী, রোগী, বয়স্ক ব্যক্তি ও সাধারণ মানুষ নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। তাই সরকারি যানবাহন থেকেই সচেতনতার দৃষ্টান্ত স্থাপন করে ধীরে ধীরে পুরো গাজীপুরকে হর্নমুক্ত নগরী হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









