কক্সবাজারের উখিয়া সীমান্তে এক লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মঞ্জুর আলী (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (২৯ জুলাই) বিকেলে বিজিবির উখিয়া-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক মঞ্জুর আলী উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতেরবিল এলাকার আনোয়ার আলীর ছেলে।
বিজিবি জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে পালংখালী ইউনিয়নের রহমতেরবিল সীমান্ত এলাকায় নাফ নদী পার হয়ে মিয়ানমারের দিক থেকে মাথায় একটি বস্তা নিয়ে এক ব্যক্তিকে আসতে দেখে টহলরত বিজিবি সদস্যরা। সন্দেহ হওয়ায় তাকে থামার সংকেত দেওয়া হলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
এ সময় তার সঙ্গে থাকা বস্তায় তল্লাশি চালিয়ে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘‘উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘সীমান্ত দিয়ে মাদক পাচার প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









