পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের ভাটো খানমামুদপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুর মন্টুর বসতবাড়ি ও পেঁয়াজের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় দেড়শ' মণ পেঁয়াজ, কয়েকটি বসতঘর, আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামাল আগুনে ভস্মীভূত হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে গিয়ে সাঁথিয়া ফায়ার সার্ভিসের দুটি অগ্নিনির্বাপক গাড়ি বিকল হয়ে পড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে বেড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত মন্টু, মৃত আজাহার আলীর ছেলে।
তিনি জানান, অন্যের জমি বর্গা নিয়ে ঋণ করে পেঁয়াজ চাষ করেছিলেন। সেই পেঁয়াজ বিক্রি করে ঋণ পরিশোধ ও সংসার চালানোর স্বপ্ন ছিল তার। কিন্তু ভয়াবহ এ অগ্নিকাণ্ডে তার সব স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে গেছে।
মন্টু বলেন, “আমি অন্যের জমিতে চাষ করে ঋণ করে পেঁয়াজ মজুদ করেছিলাম। চারদিকে ঋণ নিয়ে চাষ করেছি। এখন আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমি চলব কীভাবে, আর ঋণই বা শোধ করব কীভাবে?”
অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের দুটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত জনতা ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সাঁথিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার কবির উদ্দীন আকন্দ জানান, রাত আনুমানিক ১টা ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে তারা অগ্নিকাণ্ডের খবর পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়।
তিনি বলেন, “আমাদের পানিবাহী বড় গাড়ির মাধ্যমে পাশের নদী থেকে পানি সরবরাহ শুরু করা হয়। কিন্তু নদীর ময়লা পাম্পে ঢুকে যাওয়ায় হঠাৎ পাম্প বিকল হয়ে যায়। সঙ্গে সঙ্গে বেড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে তাদের ইউনিট এসে যৌথভাবে রাত প্রায় ২টা ১৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পাম্প বিকল হয়ে যাওয়ার কারণে কিছু সময়ের জন্য ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে এ ঘটনায় আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ধোপাদহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সানাউল্লাহর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









