নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক সভা, র্যালি ও কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে শহরের রেলওয়ে মুর্তজা ইনস্টিটিউট মিলনায়তনে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর সহযোগিতায় ছাত্রবন্ধন সোসাইটি ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সৈয়দপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন, নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর অর্পণ কুমার ভট্টাচার্য, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আখতার শাহীন, দৈনিক আলাপনের নির্বাহী সম্পাদক কাজী জাহিদ, নীলফামারী জজ কোর্টের আইনজীবী ও ছাত্রবন্ধন সোসাইটির উপদেষ্টা গোলাম রব্বানী এবং আজকের পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি ও ছাত্রবন্ধন সোসাইটির উপদেষ্টা রেজা মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রবন্ধন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আপন ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. রিহাদ ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন এবং জামায়াতে ইসলামী সৈয়দপুর পৌর শাখার সেক্রেটারি ও আল-ফারুক একাডেমির সহকারী শিক্ষক ওয়াজেদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মুনতাকিম বলেন, “মাদকাসক্তি সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।”
অনুষ্ঠানে উপস্থিত সবাই মাদকবিরোধী শপথ গ্রহণ করেন। এর আগে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সঠিক উত্তর দিয়ে ১০ জন শিক্ষার্থী বিজয়ী নির্বাচিত হন। শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে ছাত্রবন্ধন সোসাইটির অন্যান্য নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









