কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে ১ লাখ ২৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রবিবার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নাফ নদীর তীরে গফুর মেম্বারের প্রজেক্টসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) ও ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত যৌথ দল সীমান্ত পিলার বিআরএম-৫-এর প্রায় এক কিলোমিটার দক্ষিণে অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার আব্দুল খালেক (২৫) ও নুর ফয়সাল (২৫), ইসলামাবাদ এলাকার মিজানুর রহমান ওরফে মিজান উদ্দিন (২৪) এবং উখিয়ার থাইংখালী ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাফেজ আহমদ (২৯)।
পরে ঘটনাস্থল তল্লাশি করে ১ লাখ ২৯ হাজার ৬০০ পিস ইয়াবা, একটি ইঞ্জিনচালিত কাঠের বোট, একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়।
এসআরবি-১৫-এর প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার ব্যক্তিরা জব্দ করা বোট ব্যবহার করে মাদক পরিবহন ও অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মালামালসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









