লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একটি মামলায় ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ খোকন মিয়া (২২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে আদিতমারী উপজেলার পূর্ব ভেলাবাড়ী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মোঃ ছকমল হোসেনের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন ভেলাবাড়ী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দুই মাদক কারবারি মোটরসাইকেলে করে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বাজারে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল উপজেলার ধনীটারী এলাকায় অবস্থান নেয়।
এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করলে চালক ও পেছনে থাকা আরোহী মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। ঘটনাস্থল থেকে রিদয় (১৯) নামে একজনকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করা হলেও মোটরসাইকেলের চালক খোকন মিয়া পালিয়ে যান।
এ ঘটনায় একই দিন আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে খোকন মিয়া পলাতক ছিলেন। পরবর্তীতে বৃহস্পতিবার আদিতমারী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির বলেন, মাদক মামলার পলাতক আসামি খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এ বিষয়ে আদিতমারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমির হামজা নান্নু বলেন, “ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খোকনের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে বলে শুনেছি। তিনি গ্রেপ্তার হয়েছেন কি না, সেটি পরে জেনেছি। বিষয়টি জেলা ছাত্রদলকে অবহিত করা হয়েছে। সেখান থেকে নির্দেশনা পাওয়ার পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









