ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিদায়ী পোস্ট দেওয়ার একদিন পর সাব্বির আহাম্মেদ (১৮) নামে এক যুবকের মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাব্বির আহাম্মেদ উপজেলার বাশিল এলাকার সুলতান আহমদের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি খালার কাছে লালিত-পালিত হয়ে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার বিত্তাগুন খালে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্বজন ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সাব্বির তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি বিদায়ী বার্তা পোস্ট করেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









