হবিগঞ্জে নাসির ও সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে জেলা ছাত্রদল নেতা ইকবাল হোসেন রুকন। এছাড়াও অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার বাদী ইকবাল হোসেন রুকন হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১১ টায় হবিগঞ্জ সদর মডেল থানায় এ অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখ্য সমন্বয়ক উত্তর অঞ্চল সারজিস আলম, হবিগঞ্জ পৌর এনসিপির আহবায়ক নুর আলম চৌধুরী, ফকরুদ্দিন জাকি, মোঃ আবু হেনা মোস্তফা কামাল, রুহাম গাজী, মাহফুজুর রহমান চৌধুরী, নাহিদুল ইসলাম তারেক, আবু বকর মোহাম্মদ পোলাদ ও ওয়াদুদ মাহমুদ চৌধুরী সহ আরও ৪০/৫০ জন অজ্ঞাতনামা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কোর্ট মসজিদের সামনের প্রধান সড়কে এ সংঘাতের ঘটনা ঘটে। শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা সভায় যোগ দিতে ছাত্রদল নেতাকর্মীরা একত্রিত হলে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নেতৃত্বে সশস্ত্র একদল লোক উসকানিমূলক স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালায়। ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরীর ডান কাঁধে লোহার রডের আঘাতে হাড়ভাঙা (গ্রিভিয়াস) জখম হয় এবং মোজাক্কির হোসেন ইমনের মাথায় ইটের আঘাতে রক্তাক্ত জখম হয়। এছাড়া হামলাকারীরা আহতদের কাছে থাকা একাধিক দামি আইফোন (আইফোন ১১, ১৩, ১৪, ১৫) ও নগদ অর্থ ছিনিয়ে নেয় বলে অভিযোগে বলা হয়েছে।
এর পুর্বে এনসিপির পক্ষ থেকে ছাত্রদলের জেলা সভাপতি সহ ১১ জনের নাম উল্লেখ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগ দায়ের করা ছাত্রদল নেতা ইকবাল হোসেন রুকন বলেন, “এনসিপির নেতাকর্মীরা অতর্কিতভাবে ছাত্রদলের উপর হামলা চালায়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছে।”
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল হক জানান, আমরা ছাত্রদলের একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









