ফরিদপুর শহরে নেশার টাকার জন্য জন্মদাত্রী মাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে রহিম শেখ কে (৩০) ঘটনার ৯ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের আলিয়াবাদ এলাকার আব্দুর রহমান মোল্লার ডাঙ্গী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শামেলা আক্তার (৬০) ওই এলাকার মৃত আকবর শেখের স্ত্রী।
স্থানীয়দের অভিযোগ, নেশার টাকার জন্য রাহিম শেখ ধারালো অস্ত্র দিয়ে মায়ের মাথায় এলোপাতাড়ি কোপ দেন। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে প্রতিবেশীরা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে কোতোয়ালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ফরিদপুরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারে একাধিক পুলিশের টিম মাঠে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে রাত ৯টার দিকে রহিম শেখকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে সিগারেটের প্যাকেট, ফয়েল পেপার, মোমবাতিসহ মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে নিহতের মাথায় ভারী ও ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ দিকে এলাকাবাসীর দাবি, প্রায় এক দশক আগে রাহিম শেখ তার সৎ মাকে কুপিয়ে হত্যা করেছিলেন। ওই মামলায় কয়েক বছর কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। মুক্তির পরও তিনি মাদকাসক্ত হয়ে পড়েন এবং পরিবারের সদস্যদের নিয়মিত মারধর ও ভয়ভীতি দেখাতেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং রহিমকে আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









