পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার বলেছেন, “৩৬ জুলাই মানুষের অন্তর থেকে মুছে ফেলা যাবে না। জুলাইকে বুকে নিয়ে আমাদের বাঁচতে হবে। জুলাইয়ের চেতনা নিয়েই আমরা এই বাংলার মাটিতে ঘুমাতে চাই।”
শুক্রবার (৩১ জুলাই) রাতে পাবনার চাটমোহর পৌর সদরের ঐতিহাসিক বালুচর মাঠে বাংলাদেশ ছাত্র শিবির চাটমোহর উপজেলা শাখার আয়োজনে তিন দিনব্যাপী ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে উদ্বোধনী দিনের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আছগার বলেন, “জুলাই না হলে আমি এমপি হতে পারতাম না। কেউ প্রধানমন্ত্রী, মন্ত্রী, স্পিকার কিংবা ডেপুটি স্পিকার হতে পারত না। জুলাই যোদ্ধারা একটি ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার।”
তিনি আরও বলেন, “জুলাই আন্দোলন শুধু জামায়াত, শিবির বা বিএনপির নয়; এটি ছিল ছাত্র-জনতার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাওয়া আপামর মানুষের আন্দোলন। জনগণই রাষ্ট্রের সর্বময় ক্ষমতার মালিক। গণভোটের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।”
তিনি বলেন, “আবু সাঈদ, মুগ্ধসহ অসংখ্য তরুণ জীবন দিয়েছেন চাঁদাবাজি, মাদক ও অন্যায়ের বিরুদ্ধে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। অনেকে হাত, পা ও চোখ হারিয়েছেন। তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। আগামীতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে মো. ফারহান মুবাশ্বিরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন মাওলানা হাবিবুর রহমান, মেশকাতুল্লাহ, মো. সাদ্দাম হোসেন, মোহাম্মদ রবিউল ইসলাম, সিরাজুল ইসলাম ও ওয়াজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









