জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখা।
শনিবার (১ আগষ্ট) সকাল ১০টায় শহরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, শহর আমির মাওলানা রাশিদুল ইসলাম এবং সদর থানা আমির মীর নুরুন্নবী।
এসময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান। পাশাপাশি তারা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার মান রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানান।
সমাবেশে জেলা ও শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









