আলাদা কোনো অ্যাপ ইনস্টল না করেই সরাসরি ওয়েব ব্রাউজার থেকে অডিও ও ভিডিও কল করার সুবিধা চালু করেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে নতুন ফিচারগুলো উন্মুক্ত করছে।
নতুন সুবিধার ফলে ডেস্কটপ বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেই সরাসরি কল করা ও কল গ্রহণ করা যাবে। এতে আলাদা করে অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করার প্রয়োজন হবে না। বিশেষ করে অফিসের কম্পিউটারে নতুন সফটওয়্যার ইনস্টলের অনুমতি নেই এমন ব্যবহারকারী এবং শেয়ার করা ডিভাইস ব্যবহারকারীরা এতে বেশি সুবিধা পাবেন।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ওয়েব কলিং সুবিধায় একক কথোপকথনের পাশাপাশি গ্রুপ কলও করা যাবে। এর সঙ্গে থাকছে স্ক্রিন শেয়ারিং ও রিয়্যাকশনের সুবিধা। কলের তথ্য সহজে দেখতে নতুন করে যুক্ত হয়েছে ‘কলস’ ট্যাব। সেখানে কল হিস্ট্রিও দেখা যাবে।
একই সঙ্গে চালু করা হয়েছে ‘কল ট্রান্সফার’ সুবিধা। এর মাধ্যমে চলমান কোনো গ্রুপ কল না কেটেই মোবাইল ফোন থেকে সরাসরি ডেস্কটপে কলটি স্থানান্তর করা যাবে। ফলে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যোগাযোগ চালিয়ে যাওয়া আরও সহজ হবে।
গ্রুপ কলের নিরাপত্তা বাড়াতে যুক্ত হয়েছে ‘ওয়েটিং রুম’ সুবিধা। কলের আয়োজক চাইলে ‘রিকোয়্যার অ্যাপ্রুভাল টু জয়েন’ অপশন চালু রাখতে পারবেন। এতে লিংকের মাধ্যমে নতুন কেউ কলে যোগ দিতে চাইলে সরাসরি যুক্ত না হয়ে অপেক্ষাকক্ষে থাকবে। আয়োজক অনুমোদন দেওয়ার পরই সে কলে অংশ নিতে পারবে।
কলের ভিডিও ও অডিও মান উন্নত করতেও নতুন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ‘কুইক এইচডি’ সুবিধার মাধ্যমে কলের শুরু থেকেই উন্নতমানের ভিডিও পাওয়া যাবে। আর ‘নয়েজ সাপ্রেশন’ প্রযুক্তি আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে ব্যস্ত বা কোলাহলপূর্ণ পরিবেশেও কণ্ঠস্বর তুলনামূলক পরিষ্কার রাখতে সাহায্য করবে।
মেটা জানিয়েছে, বিশ্বজুড়ে ধাপে ধাপে ব্যবহারকারীদের কাছে নতুন এই আপডেটগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে সবার ডিভাইসে একই সময়ে সুবিধাগুলো দেখা নাও যেতে পারে।
সূত্র: এনডিটিভি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









