গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের এক জমকালো আয়োজনের মাধ্যমে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় সুন্দরগঞ্জ উপজেলার বালারছিড়া মোড়ে অবস্থিত ‘আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল’ প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে ‘আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল’ থেকে ৮ জন এবং রাহাত এডুকেশন পয়েন্ট কোচিং সেন্টার থেকে ২৩ জন—সর্বমোট ৩১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান।
সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গাইবান্ধা জেলা সভাপতি প্রভাষক মাওলানা মো. আবদুল মাজেদ, গাইবান্ধা স্বেচ্ছাসেবী দলের সদস্য সচিব মো. মামুন মিয়া, স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.টি.এম এনামুল হক মন্টু, বাজারপাড়া মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. ফারুকুল ইসলাম এবং বাজারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রাথমিক স্তর থেকেই মেধা বিকাশের পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিক চরিত্র গঠন করতে হবে। আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে নেতৃত্ব দেবে।”
উক্ত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









