পাবনার চাটমোহরে ভুট্টাবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তোরাব আলী (৬০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলির চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর দুইটার টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোরাব আলী ধরইল গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের হয়বতপুর এলাকা থেকে ভুট্টাবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি চাটমোহরের দিকে আসছিল। একই সময়ে এক নারী যাত্রীকে নিয়ে অটোভ্যান চালিয়ে ধরইল ব্রিজের দিকে যাচ্ছিলেন তোরাব আলী। ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রলিটির সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে তোরাব আলীর বাম হাত ভেঙে যায় এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। এ সময় ট্রলিতে থাকা চালক ও হেলপারও ভুট্টার বস্তার নিচে চাপা পড়ে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তোরাব আলীকে মৃত ঘোষণা করেন।
আহত ট্রলি চালক ও হেলপারের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
চাটমোহর থানার ওসি অলিউর রহমান বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









