সিলেট নগরের রায়নগরে দম্পতি ও তাদের গৃহকর্মীকে গলাকেটে হত্যার মামলায় গ্রেপ্তার বাবুল মিয়াকে ফের দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে এদিনকে পিবিআই সিলেটের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন বলেন, মামলার তদন্তের স্বার্থে বাবুলকে জিজ্ঞাসাবাদের চার দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। বিচারক দুই দিনের রিমান্ড দিয়েছেন।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা জানতে বাবুলকে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ, ১২ আগস্ট সকালে রায়নগর মিতালি আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় খুন হন ব্যবসায়ী আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহপরিচারিকা তাহমিনা (২৫)। ওই দিন বিকেলে বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেখানো স্থান থেকে হত্যায় ব্যবহৃত ছোরাও উদ্ধার করা হয়।
প্রথমে পুলিশ দাবি করেছিল, তাহমিনার সঙ্গে বাবুলের সম্পর্ক ছিল এবং বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটে। তবে ২০ আগস্ট আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বাবুল বলেন, চুরি করতে গিয়ে ধরা পড়ায় তিনি তিনজনকে হত্যা করেন।
নিহত পরিবারের অভিযোগের পর মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









