কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উপকূলে সাগরের জোয়ারের স্রোতে ভেসে আসা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বেড়িবাঁধের পাথরের ব্লকের ফাঁকে আটকে ছিল।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া এলাকার বেড়িবাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বেড়িবাঁধের পাথরের ব্লকের মাঝখানে একটি মরদেহ আটকে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “সাগরের স্রোতে ভেসে আসা মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’’
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত ৩১ জুলাই শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের একজনের মরদেহ এটি হতে পারে। তবে তদন্ত ও পরিচয় শনাক্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









