যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামের ২২ বিঘা জমি অবৈধভাবে দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রবিবার (২ আগস্ট) প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন স্নেহলতা পারভীন বিউটি।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার প্রয়াত পিতা হায়দার আলীর প্রায় ৪০ বিঘা জমি উত্তরাধিকার সূত্রে ওয়ারিশদের মধ্যে বণ্টনের বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। এরই মধ্যে তার ছোট ভাই আল-ইমরানের কিছু অংশ মেঝো ভাই ব্যারিস্টার একেএম মোজতা রাসেল অবৈধভাবে জমি দখল করে নিয়েছেন বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও ব্যারিস্টার রাসেল চৌগাছা থানা বিএনপির সভাপতি আব্দুস সালামের সহযোগিতায় স্থানীয় সশস্ত্র লোকজন নিয়ে তাদের বসতবাড়িসহ প্রায় ২২ বিঘা জমি দখল করেছেন। এ সময় বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন ভুক্তভোগীরা।
তাদের অভিযোগ, গত ১৮ জুন ও ১৬ জুলাই সশস্ত্র লোকজন নিয়ে মাঠের জমি ও বসতভিটা দখল করা হয়। এ ঘটনায় তারা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অবৈধ দখলমুক্ত করে শান্তিপূর্ণভাবে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, ছোট ভাই আল-ইমরান, বোন তামান্না নাজনীন, চাচা মুনতাজ আলী, খিদির আলী, বাচ্চু মিয়া, চাচাতো ভাই মুহিদুল ইসলাম, লিয়াকত আলীসহ স্থানীয় গ্রামবাসী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









