সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।
রবিবার (২ আগস্ট) বেলা ১১টা থেকে তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হন। পরে জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন তারা।
এর ফলে জাদুঘরের সামনের পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সদস্যরা সড়কের অপর পাশ দিয়ে উভয়মুখী যান চলাচলের ব্যবস্থা করেছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদানের তারিখ নির্ধারণ করেছে। তবে আন্দোলনকারীরা চলতি আগস্ট মাসেই যোগদানের দাবি জানাচ্ছেন।
আন্দোলনকারীদের নেতা দেবব্রত সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আমরা ২৯ জুলাইয়ের মধ্যে যোগদান নিশ্চিত করার দাবি জানিয়েছিলাম; কিন্তু তা হয়নি। আমরা আগস্টেই যোগদান চাই। আমাদের যোগদান ও বিদ্যালয়ে পদায়নের সুনির্দিষ্ট তারিখসহ লিখিত প্রজ্ঞাপন প্রকাশ না করা হলে আমরা ফিরে যাব না।’
তিনি বলেন, ‘ছয় মাস আগে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ পেয়েছি। কিন্তু মন্ত্রণালয় আমাদের যোগদানের ব্যবস্থা করছে না। তারা একেক সময় একেক কথা বলছেন। এমন পরিস্থিতিতে আমরা সামাজিকভাবে হেয় হচ্ছি। প্রার্থীদের মধ্যে যারা আগে চাকরি করতেন, তারাও সে চাকরি ছেড়ে দিয়েছেন। ফলে আমরা মানবেতর জীবনযাপন করছি। তাই আমরা দ্রুত যোগদানের দাবি জানাচ্ছি।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









