কক্সবাজারের টেকনাফ-কক্সবাজার মহাসড়কের টেকনাফ স্থলবন্দরসংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায় দিনদুপুরে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বিকাশের তিন সেলসম্যানের কাছ থেকে ব্যবসায়িক লেনদেনের অনুমানিক প্রায় ৬০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে। এ সময় ডাকাতদের গুলিতে বিকাশের এক সেলস রিপ্রেজেন্টেটিভ গুলিবিদ্ধ হয়েছেন। লুট হওয়া টাকার পরিমাণ তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেনি।
রবিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে টেকনাফ স্থলবন্দরসংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
বিকাশ এজেন্ট আবদুর করিম জানান, বিকাশের তিন সেলসম্যান ‘পালকী’ পরিবহনের একটি বাসে করে টেকনাফ বাসস্টেশন থেকে হ্নীলা ও হোয়াইক্যাং এলাকার বিভিন্ন বিকাশ এজেন্টের কাছে টাকা পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে ১৪ নম্বর ব্রিজের কাছে একদল সশস্ত্র ডাকাত সড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে বাসটির গতিরোধ করে।
এরপর ডাকাতরা বাসে থাকা বিকাশের সেলসম্যান আল আরমানকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ আল আরমানকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এদিকে, ব্যস্ত টেকনাফ-কক্সবাজার মহাসড়কে দিনদুপুরে এমন সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুট হওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









