পিরোজপুরের বলেশ্বর নদীতে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত বাঁধা জালের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ ও পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ি। অভিযানে ৩টি অবৈধ বাঁধা জাল উদ্ধার করে জব্দ করা হয় এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার লহরী এলাকায় বলেশ্বর নদীতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে জব্দকৃত ৩টি অবৈধ বাঁধা জাল জিয়ানগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ বাঁধা জাল নদীর স্বাভাবিক জলপ্রবাহ ও মাছের প্রজননে মারাত্মক ক্ষতি করে। এসব জালের কারণে ছোট মাছ ও পোনা নির্বিচারে নিধন হওয়ায় নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, ‘‘মৎস্যসম্পদ সংরক্ষণ এবং আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। অবৈধ জাল ব্যবহার কিংবা নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।’’
স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নদী ও মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের ধারাবাহিক তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









