গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়ম ও সরকারি ওষুধ রোগীদের না দিয়ে বাইরে থেকে কিনতে বাধ্য করার অভিযোগে দুইজনকে সাময়িক বরখাস্তের (সাসপেন্ড) নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন।
রবিবার (২ আগস্ট) সকালে তিনি আকস্মিক গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে যান।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে মন্ত্রী প্রবেশ করতেই এক কুকুরে কামড়ানো রোগীর সঙ্গে তার কথা হয়। স্বাস্থ্যমন্ত্রী কৌতূহলবশত ওই রোগীর কাছে জানতে চান তিনি জলাতঙ্কের ভ্যাকসিন কোথা থেকে পেয়েছেন।
জবাবে রোগী ও তার স্বজনরা জানান, হাসপাতালের কর্মচারীরা ‘ভ্যাকসিন নেই’ জানিয়ে তাদের বাইরে থেকে কিনতে বলেন। বাধ্য হয়ে তারা ১ হাজার ৩০ টাকা খরচ করে বাইরের দোকান থেকে ভ্যাকসিনটি কিনে এনেছেন।
বিষয়টি শোনার পরপরই ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (তত্ত্বাবধায়ক) কাছে জবাবদিহি চান যে, পর্যাপ্ত সরকারি ওষুধ ও ভ্যাকসিন হাসপাতালে মজুত থাকা সত্ত্বেও কেন সাধারণ রোগীদের সেবা না দিয়ে বাইরে থেকে কিনতে বাধ্য করা হচ্ছে।
রোগীর স্বজনরা অভিযোগ করে জানান, সকালে ওই নারী কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে এলে কর্তব্যরত কর্মীরা স্পষ্ট জানিয়ে দেন হাসপাতালে কোনো ভ্যাকসিন নেই এবং তা বাইরে থেকে কিনে আনতে হবে। চিকিৎসা নিতে আসা সাধারণ ও অসচ্ছল রোগীদের সঙ্গে এমন আচরণ করার সময় পরিদর্শনে আসা মন্ত্রীর মুখোমুখি হন তারা।
অভিযোগের সত্যতা পেয়ে সরদার শাখাওয়াত হোসেন সরকারি ওষুধ সাধারণ রোগীদের না দিয়ে বাইরে থেকে কেনাতে বাধ্য করার অপরাধে জড়িত দুই কর্মীকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। একইসঙ্গে হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবার মান বজায় রাখা এবং যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









