কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৫ হাজার ৪৮০ টাকা এবং একটি বাটন মোবাইলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল গ্রামের ময়ান মোড় সংলগ্ন বাসুদেবের সেলুনের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন-মো. হেলাল উদ্দীন (৪০)। তিনি কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মাটমালিয়াট জে এল-৬১ এলাকার আব্দুল ছাত্তারের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে পরিচালিত অভিযানে হেলাল উদ্দীনের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির ৫ হাজার ৪৮০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে উদ্ধারকৃত আলামতসহ কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









