খাগড়াছড়ির দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, ‘‘পাহাড়ে শান্তি ও উন্নয়নের প্রধান অন্তরায় মাদক এবং চাঁদাবাজি। এ দুই অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’’
রবিবার (২ আগস্ট) উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
এমপি বলেন, ‘‘সমাজে অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও প্রয়োজন। কেউ মাদক ব্যবসা বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’’
তিনি আরও বলেন, ‘‘যারা মাদক ছড়িয়ে তরুণ সমাজকে ধ্বংস করছে কিংবা চাঁদাবাজির মাধ্যমে মানুষের শান্তি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো অপরাধীকে প্রশ্রয় দেওয়া হবে না। তথ্য পেলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে।’’
বক্তব্যে তিনি স্থানীয় জনগণকে মাদক ও অপরাধ বিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে তরুণদের সচেতন করতে আরও কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
ত্রাণ বিতরণ শেষে সংসদ সদস্য বন্যাকবলিত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









