বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের বার্ষিক অনুদান কর্মসূচির আওতায় অনুদানের চেক গ্রহণ করেছে স্বাধীন যুব উন্নয়ন সংস্থা, ভোলা।
সোমবার (৩ আগস্ট) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভোলা জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানের পাশাপাশি স্বাধীন যুব উন্নয়ন সংস্থার পক্ষেও অনুদানের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। এ সময় আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (ডিডি), জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
স্বাধীন যুব উন্নয়ন সংস্থার পক্ষে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো. রাকিবুল ইসলাম জেলা প্রশাসকের হাত থেকে অনুদানের চেক গ্রহণ করেন।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এ অনুদান রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতি আস্থা ও স্বীকৃতির বহিঃপ্রকাশ। এই সহযোগিতা ভবিষ্যতে মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও সেবামুখীভাবে পরিচালনা করতে অনুপ্রেরণা জোগাবে।
এ উপলক্ষে স্বাধীন যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ভোলা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠানটি জানায়, ভবিষ্যতেও সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় নিয়ে তারা এগিয়ে যাবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের সকল সদস্য, স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি শুভেচ্ছা ও দোয়া কামনা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









