নওগাঁর মান্দায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় ফারুক হোসেন (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকাল পৌনে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট সিন্দুরপানিয়া ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন পার্শ্ববর্তী রাজশাহীর বাগমারা উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাবাইহাট সিন্দুরপানিয়া ব্রিজের ওপর দিয়ে চার্জারভ্যান চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন ফারুক হোসেন। এ সময় পেছন দিক থেকে 'গীত পরিবহন'-এর একটি বেপরোয়া যাত্রীবাহী বাস এসে ভ্যানটিকে সজোরে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে মান্দা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









